স্বাধীনতা তুমি – শামসুর রাহমান

বাংলা সাহিত্যে দেশপ্রেমের অনন্য প্রতীক হিসেবে যে কবিতাটি সর্বাধিক চর্চিত ও আবৃত্তিকৃত, তা হলো শামসুর রাহমানের “স্বাধীনতা তুমি”। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত এই কবিতাটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের চেতনাকে কাব্যিক ভাষায় তুলে ধরেছে। কবিতাটির প্রতিটি চরণে এক গর্বিত, সাহসী, সংগ্রামী জাতির আত্মকথা উঠে এসেছে।

শামসুর রাহমান কবিতাটিতে স্বাধীনতাকে কেবল একটি রাজনৈতিক অর্জন হিসেবে দেখেননি; বরং তিনি তাকে এক মানবিক, নান্দনিক, গভীর জীবনবোধের প্রতীক হিসেবে চিত্রিত করেছেন। “স্বাধীনতা তুমি সূর্যের প্রথম কিরণ” – এই বিখ্যাত পংক্তিতে তিনি স্বাধীনতাকে জীবনের আলোর উৎস, আশার প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন।

এই কবিতা কেবল আবেগ নয়, এক অন্তরঙ্গ সাহসের ডাক। এটি আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা মানে কেবল শত্রুর পরাজয় নয়, বরং তা একজন মানুষের কথা বলার অধিকার, বেঁচে থাকার মানে এবং মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার।

“স্বাধীনতা তুমি” বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির ইতিহাসে একটি অমর কাব্যিক দলিল হিসেবে স্থায়ী হয়ে আছে।

 

 

স্বাধীনতা তুমি

স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।

স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।

স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।

স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।

স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।

স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।

স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।

স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।

স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।

স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।

স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।

স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।

স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।

স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।

স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে
রৌদ্রের খেলা।

স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।

 

স্বাধীনতা তুমি

Leave a Comment