Site icon Recitation Gurukul [ আবৃত্তি গুরুকুল ] GOLN

বাতাসে লাশের গন্ধ – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ রচিত “বাতাসে লাশের গন্ধ” একটি ক্ষুব্ধ, তীব্র, এবং ব্যথাতুর রাজনৈতিক ও মানবিক কবিতা। এই কবিতাটি রুদ্রের বিশ্লেষণী ও প্রতিবাদী চেতনার এক অনন্য দৃষ্টান্ত। এটি শুধু একটি কবিতা নয়—এটি একটি সময়ের নৃশংসতার দলিল, যেখানে সমাজব্যবস্থা, শাসকের নিষ্ঠুরতা, এবং নির্যাতিত মানুষের হাহাকার একসঙ্গে উচ্চারিত হয়েছে।

এই কবিতায় রুদ্র এক মূর্তিমান ক্ষোভের কণ্ঠস্বর। তিনি জানান দেন—এই সমাজ, এই রাষ্ট্রযন্ত্র মানুষের জীবনকে মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। চারপাশে যখন মৃত্যু, হত্যা, নিপীড়নের ধ্বংসাবশেষ, তখন কবির কণ্ঠে উঠে আসে—“বাতাসে লাশের গন্ধ, এখনও বাতাসে লাশের গন্ধ।”

এটি শুধু বাস্তব বর্ণনা নয়, বরং একটি প্রতীক—সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা অবিচার ও অনাচারের ঘ্রাণ, যা কেউ এড়িয়ে যেতে পারে না।

রুদ্র তাঁর কবিতার মাধ্যমে শুধু প্রতিবাদ জানাননি, তিনি চেয়েছেন এক বিপ্লবী মানবিক জাগরণ। “বাতাসে লাশের গন্ধ” তাই হয়ে ওঠে সময়ের বিরুদ্ধে কবির লাল আগুন-জ্বালানো চিৎকার।

 

 

বাতাসে লাশের গন্ধ

আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই
আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে…
এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ?

বাতাসে লাশের গন্ধ ভাসে
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো।
জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধাঁর,
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।
এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী,
স্বাধীনতা – একি হবে নষ্ট জন্ম ?
একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ?

জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন।

বাতাশে লাশের গন্ধ
নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান।
মাটিতে রক্তের দাগ –
চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়
এ চোখে ঘুম আসেনা। সারারাত আমার ঘুম আসেনা-
তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার,
নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ
মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস্য শরীর
ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমুতে পারিনা, আমি
ঘুমুতে পারিনা…
রক্তের কাফনে মোড়া – কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে
সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা।
স্বাধীনতা, সে আমার – স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন –
স্বাধীনতা – আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।
ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।

 

 

আরো দেখুনঃ
Exit mobile version